২২ সেপ্টেম্বর ২০২৬

মুখর পতেঙ্গা সমুদ্রসৈকত: ভোগান্তির মিশেলে সমাধান নেই!

মেঘ-রোদ্দুরের খেলা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলের মনোরম দৃশ্য এবং আধুনিক সাজসজ্জার কারণে বর্তমানে পতেঙ্গা চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম নগরীর কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি খুঁজতে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসেন এই পতেঙ্গা সমুদ্রসৈকতে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।

শুক্রবার (১৯ জুন) ছুটির দিনে সৈকত এলাকায় ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। বিকেলের দিকে সৈকতের বিভিন্ন অংশে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়।

নগরের মেহেদীবাগ থেকে আসা পারভেজ বলেন, “বন্ধুদের নিয়ে একদিনের ভ্রমণে এসেছি। সৈকতে এসে মনে হচ্ছে সব ধরনের মানসিক চাপ দূর হয়ে গেছে। খুব উপভোগ করেছি।”

চট্টগ্রামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী বীথি আক্তার বলেন, “সাপ্তাহিক ছুটি কাটাতে পতেঙ্গা বিচে আসেছি। সৈকতের পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং নিরাপত্তা ব্যবস্থা আমাদের মুগ্ধ করেছে।”

পর্যটকদের জন্য বাড়ছে সুযোগ-সুবিধা

গত কয়েক বছরে পতেঙ্গা সমুদ্রসৈকতে ব্যাপক উন্নয়নকাজ হয়েছে। সৈকতের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, বসার স্থান, আলোকসজ্জা এবং শিশুদের জন্য বিনোদন ব্যবস্থা। সন্ধ্যার পর রঙিন আলোর ঝলকানিতে পুরো এলাকা নতুন রূপ ধারণ করে।

সৈকত এলাকায় গড়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান, রেস্তোরাঁ ও অস্থায়ী স্টল। ফুচকা, চটপটি, ভাজাপোড়া, সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পর্যটকদের আকৃষ্ট করে। এছাড়া ঘোড়ার গাড়ি, সাইকেল ভাড়া, শিশুদের খেলনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও পতেঙ্গার জনপ্রিয়তা বাড়িয়েছে। নগরীর কেন্দ্র থেকে স্বল্প সময়েই সৈকতে পৌঁছানো যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কর্ণফুলী টানেলের কাছাকাছি অবস্থান হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য এটি সহজলভ্য গন্তব্যে পরিণত হয়েছে।

পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

তবে নানা সুযোগ-সুবিধার পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে, যা পর্যটকদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। সবচেয়ে বড় অভিযোগ পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। অনেক পর্যটক খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল এবং অন্যান্য আবর্জনা নির্ধারিত স্থানে না ফেলে সৈকত এলাকায় ফেলে রাখছেন। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি সৈকতের সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া কিছু অসাধু খাবার ব্যবসায়ীর বিরুদ্ধে নিম্নমানের বা বাসি খাবার বিক্রির অভিযোগও রয়েছে। বিভিন্ন সময় পর্যটকদের অসুস্থ হওয়ার ঘটনাও সামনে এসেছে। পর্যটকরা বলছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং খাদ্যের মান তদারকি করা হলে এ ধরনের সমস্যা অনেকাংশে কমে আসবে।

যানজট ও পার্কিং সংকট

ছুটির দিন ও সরকারি বন্ধে পতেঙ্গা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সৈকতের আশপাশে পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় অনেক দর্শনার্থী ভোগান্তিতে পড়েন। বিকেলের দিকে দীর্ঘ যানজটের কারণে নগরী থেকে সৈকতে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে।

স্থানীয়দের মতে, পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে পার্কিং ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনায় আরও উন্নয়ন প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে পর্যটকদের ভোগান্তি আরও বাড়তে পারে।

নিরাপত্তা ও সচেতনতার প্রয়োজন

পতেঙ্গা সৈকতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবুও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর নজরদারির দাবি রয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা, হারিয়ে যাওয়া প্রতিরোধ এবং জরুরি চিকিৎসাসেবার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া জোয়ার-ভাটার সময় সাগরে নামার ক্ষেত্রে অনেক পর্যটক সতর্কতা অবলম্বন করেন না। ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ড, লাইফগার্ড এবং জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানোরও প্রয়োজন রয়েছে।

সম্ভাবনার দ্বার খুলছে পতেঙ্গা

পর্যটন-সংশ্লিষ্টরা মনে করেন, সঠিক পরিকল্পনা, পরিচ্ছন্নতা রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে পতেঙ্গা সমুদ্রসৈকত আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। চট্টগ্রামের অর্থনীতি, কর্মসংস্থান এবং পর্যটন শিল্পে এর ইতিবাচক প্রভাব আরও বাড়বে।

সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিনোদনের নানা সুযোগ-সুবিধার কারণে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। তবে এর সৌন্দর্য ও সম্ভাবনা ধরে রাখতে পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পর্যটক—উভয়ের সচেতন ভূমিকা জরুরি।

আরও পড়ুন