চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে পাঠানটুলী হারুন হোটেলের পাশের গলিতে হারুন মঞ্জিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো— ইয়াছিন (২৮) ও শাকিল (৩৯)। পুলিশ জানায়, ইয়াছিনের কাছ থেকে ৬০০ পিস এবং শাকিলের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৬৭০ পিস।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে নগরীর সদরঘাটসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, শাকিলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পাঠানটুলী ও কদমতলী এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছিল।
এছাড়া মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে অভিযোগ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।














