চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
রোববার বিকেলে সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, পরিকল্পিতভাবে নতুন উপশহর বা স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ও টেকসই নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জানান, পরিকল্পিত স্যাটেলাইট শহরে আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা, বিনোদনকেন্দ্র এবং প্রয়োজনীয় নাগরিক সেবার সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হলে মানুষের কর্মসংস্থান ও দৈনন্দিন প্রয়োজন স্থানীয়ভাবেই পূরণ হবে। এতে নগরমুখী মানুষের চাপ কমবে, যানজট ও পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং সুষম আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ ছাড়া পরিকল্পিত সড়ক যোগাযোগ, উন্মুক্ত সবুজ এলাকা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় ইউটিলিটি সেবা নিশ্চিত করা গেলে এসব স্যাটেলাইট শহর ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধির চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের সব সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। তিনি নগরগুলোকে সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।














