২৫ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে চাঁদাবাজির আতঙ্ক রমজান বলি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রবেশপথে টিনের ব্যারিকেড দিয়ে মালামাল পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, গত প্রায় ১৮ দিন ধরে ব্যারিকেডের কারণে অন্তত পাঁচটি শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্রাক চলাচল বন্ধ থাকায় লোহাসহ বিভিন্ন মালামালের ক্রয়-বিক্রয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অভিযুক্তের গ্রেফতারে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও তার সহযোগীদের নিয়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

শিপ ব্রেকিং খাতের উদ্যোক্তারা জানান, ফৌজদারহাট থেকে কুমিরা উপকূল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা এ শিল্পে একসময় প্রায় ১৬৫টি ইয়ার্ড চালু ছিল। বর্তমানে বিভিন্ন কারণে মাত্র ২৫টির মতো ইয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে চাঁদাবাজি নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে।

বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক আলহাজ সামছুল আলম অভিযোগ করেন, তার ইয়ার্ডের প্রবেশপথে টিনের বেড়া দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় রাজনৈতিক নেতা, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়া হলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও জুন মাসে একাধিকবার একইভাবে রাস্তা অবরোধ করা হয়। স্থানীয়দের উদ্যোগে ব্যারিকেড সরানো হলেও ২১ জুন আবারও রাস্তার ওপর টিনের ব্যারিকেড দেওয়া হয়, ফলে বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক সিরাজুদ্দৌলা সওদাগর দাবি করেন, অভিযুক্ত রমজান আলী বলি আগে একটি শিপ ইয়ার্ডে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। চাকরি হারানোর পর তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েন। তার কারণে বারাকা, সাগরিকা, বিওবি, জনতা, ফোর স্টার, মেহেরুন ও টি আর শিপ ব্রেকিংসহ কয়েকটি প্রতিষ্ঠানের মালামাল পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদা না দিলে রাস্তা অবরোধ, ট্রাক চলাচলে বাধা এবং মালিকদের ভয়ভীতি দেখানোর মতো ঘটনা নিয়মিত ঘটছে। এতে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিপ ব্রেকিং শিল্প ক্ষতির মুখে পড়ছে।

এ ঘটনায় বুধবার সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী বলি ও তার ভাই আরাফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১০৯, ৩৮৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে রমজান আলী বলিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর অভিযুক্ত আরাফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রাস্তার ওপর অবৈধভাবে টিনের ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত করা আইনবিরোধী। এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন