চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরায় পুরো অভিযান ধারণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল নতুনব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।
এ সময় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বালিশ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুসারে অভিযানে অংশ নেওয়া সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রাখা হয়। এর মাধ্যমে পুরো অভিযান ভিডিওতে ধারণ করা হয়েছে, যা অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল অভিনব কৌশলে দুই ভাগে ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিলেন বলে জানতে পারে পুলিশ। ইম্পেরিয়াল পরিবহনের বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের হেফাজতে থাকা ইয়াবার পরিমাণ এবং তা বহনের বিষয়টি স্বীকার করেন বলে পুলিশের দাবি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














