বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব দুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকার প্রতিটি অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, শুধু তাৎক্ষণিক ত্রাণ সহায়তাই নয়, বন্যার পানি নেমে যাওয়ার পর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের জন্যও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি যাদের কৃষিজমি, মাছের ঘের কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বন্যার প্রথম দিন থেকেই দুর্গত মানুষের পাশে থেকে কাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সরকার সমন্বিতভাবে সব ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।














