‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।














