২৩ অক্টোবর ২০২৬

হাসপাতালে ভর্তি

সম্মানহানির অভিযোগ তুলে লাইভ, পরে আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ফেসবুকে লাইভে এসে বিভিন্ন অভিযোগ তুলে ধরার পর রহিম বাদশা (৪২) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রহিম বাদশা উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রাবণীপাড়া এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে। তিনি পটিয়া পৌরসদরের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কেয়ারটেকার হিসেবে কর্মরত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় রহিম বাদশা নিজের ফেসবুক আইডি থেকে প্রায় ২৩ মিনিট ৪০ সেকেন্ড লাইভে এসে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। লাইভ সম্প্রচার শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে লাইভ ভিডিওটি দেখে রাজশাহীতে অবস্থানরত এক স্বজন বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রহিমকে উদ্ধার করে দ্রুত পটিয়া পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেশী মো. আরাফাত বলেন, ‘লাইভ দেখে খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

রহিমের ছোট বোন শেলি আক্তারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার ভাইকে অপমান ও হেয়প্রতিপন্ন করে। পরিবারের দাবি, এসব ঘটনার মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, রহিম বাদশা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন