২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় গরু লুটের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের একটি ডেইরি খামারে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লাবিবা ক্লাবের সামনে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে লুট হওয়া গরুর এক ক্রেতাকেও আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার করাইয়াঘোনা গ্রামের ইয়াছিন আরাফাত (২৬), ইসলামনগর গ্রামের আল মামুন তুষার লিটন (৩১) এবং একই উপজেলার মো. মানিক হক (৪৫)।

পুলিশ জানায়, গত ২৯ জুন দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল আনোয়ারার বারশত ইউনিয়নের বণিকপাড়ায় অবস্থিত ‘দীপক ডেইরি ফার্ম’-এ হামলা চালায়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খামারের মালিক দীপক মালাকার, তাঁর স্ত্রী এবং দুই কর্মচারীর হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।

এরপর তারা ঘর তছনছ করে নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং খামারে থাকা পাঁচটি গরু লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ২ জুলাই আনোয়ারা থানায় পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে মঙ্গলবার অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত ও আল মামুন তুষার লিটনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া গরুর ক্রেতা মো. মানিক হককে চকরিয়া থেকে আটক করা হয়।

গ্রেপ্তার দুই ডাকাতের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৩৬১ নম্বরের একটি মাইক্রোবাস, একটি লোহার ছোরা, একটি তালা কাটার এবং একটি লোহার রড জব্দ করেছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন থানায় নয়টির বেশি মামলা রয়েছে। অপর আসামি আল মামুন তুষার লিটনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন