হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ১৬টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে বলে বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিএমপি জানায়, এদিন নগরীতে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে। তুলসীধাম মন্দিরের রথযাত্রা তুলসীধাম থেকে নিউমার্কেট, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও লাভ লেন হয়ে পুনরায় মন্দিরে ফিরে যাবে।
অন্যদিকে, নন্দনকাননের রাধামাধব মন্দির (ইসকন)-এর রথযাত্রা ডিসি হিল, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউমার্কেট ও আমতল হয়ে নন্দনকাননে শেষ হবে।
এছাড়া প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর রথযাত্রা প্রবর্তক মোড় থেকে গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, লালদীঘি ও সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে পৌঁছাবে।
রথযাত্রা উপলক্ষে বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী, লালদীঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।
সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশীদ রথযাত্রা চলাকালে নগরবাসীকে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন।














