চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার এজাহারভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় সন্দেহভাজন হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কেরানী বাট এলাকার বাসিন্দা সোহেল আকন (৩৮)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন রাতে করেরহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি কামাল উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আমলীঘাট ডিলেজারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।














