চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি ও যুবলীগ কর্মী মো. শফিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বহদ্দারহাটের ফরিদের পাড়া তালতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রফিক কন্ট্রাক্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শফিক দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমানে পলাতক আসামি এসরারুল হক এসরালের অনুসারী হিসেবে পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বহদ্দারহাট পুলিশ বক্স ও কাঁচাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক মো. সেলিম গুলিবিদ্ধ হন।
এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি মহিউদ্দীন ফরহাদের নেতৃত্বে ৫১ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ছোড়া এলোপাতাড়ি গুলিতে বাদী মো. সেলিমের কোমরের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি ৪ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চিকিৎসা নেন। পরে সুস্থ হয়ে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শফিককে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদের পাড়া তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’














