২৩ অক্টোবর ২০২৬

বন্যার্ত আড়াই হাজার পরিবারকে ত্রাণ দিল ‘আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন’

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকায় প্রায় আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবরার নেওয়াজ সালেহ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক বন্যায় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট নিরসনে ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

ইতোমধ্যে বাঁশখালীতে এক হাজার, সাতকানিয়ায় ৩০০, পেকুয়ায় ৫০০ এবং চকরিয়ায় ৬০০ পরিবারসহ মোট প্রায় আড়াই হাজার পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুহাইল সালেহ বলেন, চলমান বন্যায় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি উপজেলার ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক এখনো পানির নিচে রয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন