চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হেটিখাইন দফাদার বাড়ি এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ রোকন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার হেটিখাইন দফাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী বাড়ির পাশের একটি দোকান থেকে ঝাল নাস্তা কিনতে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও অশোভন অঙ্গভঙ্গি করে। বিষয়টি দেখে শিশুটির চাচা মোহাম্মদ রুবেল প্রতিবাদ জানান।
এর জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে শিশুটির বাড়িতে হামলা চালায় এবং মোহাম্মদ রুবেলের দোকান ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। হামলায় জুয়েল (২৮), সাজিয়া বেগম (৫৫), মিনু আক্তার (২২) ও রুমা আক্তার (২৬) আহত হন।
পরে ভুক্তভোগীরা আনোয়ারা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তমিজ আহমদকে গুরুতর আহত করে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ রোকন (২৩) নামে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. শিবলু, আবুল হাশেম, মো. সুমন, নুরুন্নাহার বেগম ও মো. ইনান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে অশ্লীল বাক্য ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।














