চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টবাহী একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের একটি ডাবল কেবিন পিকআপের মাঝামাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, ‘সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













