১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পটিয়া

তালা কেটে বাড়িতে ঢুকে ডাকাতি, ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী এলাকায় গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দলের হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) ভোররাতে আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

স্থানীয়দের মতে, ভোররাতের দিকে ১০-১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে হানা দেয়। প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢুকে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। এরপর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এ সময় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক মুয়াজ্জিনের ওপরও হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য আসিফ বলেন, ‘রাতের শেষ দিকে হঠাৎ একদল ডাকাত ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। পরে সবাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পালানোর সময় তারা একজন মুয়াজ্জিনকেও মারধর করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পটিয়া থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

আরও পড়ুন