২১ অক্টোবর ২০২৬

এ পর্যন্ত ৯ বার আটক, জামিনে বেরিয়ে পরদিনই ইয়াবাসহ ফের আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, এর আগেও বিভিন্ন মামলা ও পরোয়ানায় তাকে আটকের তথ্য রয়েছে। সবশেষ গতকাল জামিনে বের হওয়ার পর আজ আবারও ইয়াবাসহ আটক হয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টা ২৫ মিনিটের দিকে বাইশারী ইউনিয়নের পেটানআলী পাড়া এলাকার মোর্শেদের গ্রেজের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। নুরুল আবছার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফানআলী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়েরি (জিডি) নং-২২৫, ১০ আগস্ট ২০২৬-এর সূত্র ধরে ওই রাতে ইউনিয়ন এলাকায় পুলিশের রাত্রিকালীন টহল চলছিল। রাত সোয়া ১২টার দিকে বাইশারী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাইশারী বাজারের দিকে আসছেন।

পরে তদন্ত কেন্দ্রের এসআই জামিল বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে চেকপোস্ট বসায়।

রাত ১২টা ২৫ মিনিটের দিকে রামু থানার গর্জনিয়া বাজার থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে বাইশারীর দিকে আসছিলেন নুরুল আবছার। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় এবং তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন মামলা ও পরোয়ানায় গ্রেপ্তারের তথ্য থাকায় সন্দেহ হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সবুজ শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর লাল টি-শার্টে মোড়ানো একটি টিস্যু প্যাকেট ছিল। ওই প্যাকেটের ভেতর নীল রঙের জিপারযুক্ত পকেট থেকে ১০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আবছার কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকা থেকে মিজান নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাইশারী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে নুরুল আবছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ