২১ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে ১৪ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

ফ্যামিলি কার্ডের বিরোধীরা এখন বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন : এমপি নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই এই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন। এমনকি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের কাছেও তদবির করছেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কের উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে নুরুল আমিন বলেন, ‘জামায়াতের এক এমপি গাজী নজরুল একটি মেয়েকে নিয়ে ধরা পড়েছেন। প্রথম দিন তাঁরা বলেছিলেন, এটি এআই দিয়ে তৈরি ফেক ভিডিও। মিথ্যা কীভাবে বলতে হয়, তা তাঁরা ভালোই জানেন। পরে বিষয়টি আর ঢাকতে না পেরে তাঁকে বহিষ্কারের নাটক করেছেন।’

তিনি বলেন, ‘আমরা বলব, আপনারা যদি মনে-প্রাণে ইসলামকে বিশ্বাস করেন, তাহলে ওই নেতাকে ইসলামী শরিয়ত অনুযায়ী শাস্তির ব্যবস্থা করুন। জনগণ তখন বুঝবে আপনাদের কথা আর কাজের মধ্যে মিল আছে।’

সড়ক উন্নয়নকাজ প্রসঙ্গে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কটি ১১ কিলোমিটার দৈর্ঘ্যে সংস্কার করা হবে। এ জন্য ব্যয় হবে প্রায় ১৪ কোটি টাকা।

তিনি ঠিকাদারকে কাজের মান বজায় রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘ওয়ার্ক অর্ডারে যেভাবে আছে, ঠিক সেভাবেই মানসম্মতভাবে সড়কের কাজ করতে হবে। আপনারা কাজ বুঝে নেবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।’

সড়ক সংস্কারকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিন ও ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ