২১ অক্টোবর ২০২৬

গ্রেপ্তার ১

রাউজানে প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার সাড়ে ১৭ লাখ

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রাইভেটকারের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক প্রবাসীকে জিম্মি করে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনের সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে আসেন। তাঁর কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার অগ্রিম মূল্য পরিশোধের জন্য বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাঠান। মঙ্গলবার চারটি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন আহম্মদ উল্লাহ।

এরপর ইট কেনার অগ্রিম মূল্য হিসেবে ২৩ লাখ ৫০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে প্রাইভেটকারযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু আরফাত ও নয়ন।

সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাইভেটকারের গতিরোধ করে। পরে গাড়ির দরজা খুলতে বলে ভুক্তভোগী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের কাছে থাকা মালামাল দিয়ে দিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তাঁদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ব্যাগে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন আহম্মদ উল্লাহ।

ঘটনার পর বিষয়টি রাউজান থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর এলাকার মো. জয়নাল আবেদীনের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, উদ্ধার করা টাকা ভুক্তভোগী ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির বাদী হয়ে জয়নাল আবেদীনসহ আরও তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন— মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা টাকা আইনানুগ প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ