২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা

চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি— যুবদল নেতার পক্ষে আনোয়ারায় বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি ও হামলার অভিযোগে যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেনকে হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কাফকো সড়ক প্রদক্ষিণ করে বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ অস্বীকার করে বলেন, ‌‘আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের অনিয়ম ও দুর্নীতি আড়াল করতে যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে।’ তাদের দাবি, ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আলী হোসেনকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না।’ তারা অবিলম্বে অভিযোগ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে হয়রানি অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. মহিন উদ্দিন, মোহাম্মদ সোহেল, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য শাহ জাহান, আবদুর রহিম, উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি মো. তারেক, যুবদল নেতা আবুল কাশেম, হামিদুল ইসলাম, নিশান, শিহাবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে বুধবার দুপুরে ইউসিপিএলের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় মোহাম্মদ আলী হোসেনের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় প্রকৌশলীর ওপর হামলা করা হয়েছে।

পরে কর্ণফুলী থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের লোকজনের ওপর হামলার অভিযোগও ওঠে যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেনের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়ে আসছেন আলী হোসেনের অনুসারীরা। ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ