২১ অক্টোবর ২০২৬

১৪ কোটি টাকা ঋণ খেলাপি, সরওয়ার মোর্শেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির অভিযোগে হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-২-এর বিচারক সেঁজুতি জান্নাত এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় ১৪ কোটি টাকা ঋণ পরিশোধ না করা পর্যন্ত সরওয়ার মোর্শেদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালত-২-এর পেশকার রেজাউল করিম। তিনি জানান, ব্যাংকের খেলাপি ঋণের মামলায় সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশের কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে সরওয়ার মোর্শেদের কাছে প্রায় ১৪ কোটি টাকা পাওনা রয়েছে। ওই ঋণ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ আদালতে মামলা করা হয়।

এদিকে, সরওয়ার মোর্শেদ বঙ্গবন্ধু পরিষদের সাবেক আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এসব মামলার অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। ঋণ খেলাপির মামলাটিও আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ