চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভার কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ‘শাহজালাল বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানকালে বেকারির পরিবেশে অপরিচ্ছন্নতা ও খাদ্য প্রস্তুতে স্বাস্থ্যবিধি না মানার চিত্র পাওয়া যায়। পরে প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। নোংরা পরিবেশে খাবার তৈরি হলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও খাদ্যবিষক্রিয়ার মতো বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় চন্দনাইশের অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশ উপজেলায় বিভিন্ন এলাকায় নামে-বেনামে অর্ধশতাধিক বেকারি গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের বিস্কুট, কেক, ব্রেডসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছে। ফলে এসব খাদ্যপণ্যের মান ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে।
প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বেকারিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।














