২১ অক্টোবর ২০২৬

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসটির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মনসা বাদামতল এলাকা থেকে যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদ (৫৫) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জান্নাতুল ফেরদৌস (৩৬) নামের এক নারীসহ একই পরিবারের তিনজন বোয়ালখালীর বেঙ্গুরা এলাকা থেকে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলেও এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ