২১ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: লায়ন হেলাল উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

সভাপতির বক্তব্যে লায়ন হেলাল উদ্দীন বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকট মোকাবিলা করে তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর অত্যাচার, হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানির মধ্যেও নেতা-কর্মীরা মনোবল হারাননি। তাঁর মতে, এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আপসহীন রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লায়ন হেলাল উদ্দিন বলেন, দেশের ও দলের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া নেতা-কর্মীদের সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর রাজনৈতিক নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রামকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন ইফতু, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, মোস্তফিজুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নোমান ফারুকী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের জন্য অবদানের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ