নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর ঝাউতলা বাজারের চার প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে বিসমিল্লাহ ফার্মেসি ও নাসির ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ইলিয়াস ব্রাদার্সকে ৬ হাজার টাকা এবং অননুমোদিত পণ্যসামগ্রী বিক্রির দায়ে নরু সওদাগর জেনারেল স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ঝাউতলা বাজারের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অননুমোদিত পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।














