২১ অক্টোবর ২০২৬

চলবে কালুরঘাট-পতেঙ্গা রুটে

নারীদের জন্য চট্টগ্রামে চালু হচ্ছে ‘পিংক বাস’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ বাস সেবা চালু হওয়ার কথা জানিয়েছে বিআরটিসি।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন হবে।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ এই বাস সার্ভিস চালু করা হবে। চট্টগ্রামে দুটি ‘পিংক বাস’ চলাচল করবে।

চট্টগ্রামে বাস দুটি কালুরঘাট-পতেঙ্গা রুটে চলাচল করবে। কালুরঘাট থেকে যাত্রা করে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে বাসগুলো পতেঙ্গা পর্যন্ত যাবে।

নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালু হলে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যস্ত এলাকার সঙ্গে যাতায়াতের সুবিধা বাড়বে বলে আশা করছে বিআরটিসি। বিশেষ করে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীরা এ সেবার মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ পাবেন।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে বাসগুলো পরিচালনা করা হবে। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ