২৩ অক্টোবর ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে এইচএসএলসি’র ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যবসায় প্রশাসন বিভাগের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) প্রোগ্রামের শিক্ষার্থীদের সংগঠন হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিল (এইচএসএলসি)-এর উদ্যোগে ফ্রেশার্স রিসেপশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দ্য গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে টিএইচএম প্রোগ্রামের ৪২ ও ৪৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সিনিয়র ও নবীন শিক্ষার্থী এবং এইচএসএলসির সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তাঁরা উচ্চশিক্ষা, নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং আতিথেয়তা শিল্পে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে এইচএসএলসির প্রতিষ্ঠা, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করা হয়। পাশাপাশি সংগঠনটির বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

পরে কেক কাটার মধ্য দিয়ে ৪২ ও ৪৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বক্তব্যে বিভাগের ফ্যাকাল্টি সদস্যরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, সিনিয়র ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে ফ্রেশার্স রিসেপশন-২০২৬-এর সমাপ্তি ঘটে।

এইচএসএলসির পক্ষ থেকে ৩৯ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হোসেন বলেন, নতুন শিক্ষার্থীদের টিএইচএম পরিবারের সঙ্গে পরিচিত করে তোলা এবং বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়কে আনন্দময় ও স্মরণীয় করে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন