২৩ অক্টোবর ২০২৬

চন্দনাইশে কোদালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নুরহাবা ও তার স্বামী সলিম দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। বর্তমানে তারা দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে টিনশেডের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, সলিম নিয়মিত কাজ না করায় এ নিয়ে তার সঙ্গে স্ত্রী নুরহাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরহাবা স্বামীকে ‘কেন ফিরে এসেছ’-এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এ সময় উত্তেজিত হয়ে সলিম কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। কোদালের আঘাতে নুরহাবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সলিমকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক সলিম কুতুপালং ক্যাম্প-১ এর আব্দুল আমিনের ছেলে। তার মা ফাতেমা মারা গেছেন। নিহত নুরহাবা ওই ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, দোহাজারীতে স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন