২৩ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-কুমিরা উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৯ আগস্ট) একনেকের সভায় অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে চট্টগ্রামের এ উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

একনেক সভায় মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব অর্থের পাশাপাশি প্রকল্প ঋণের অর্থও ব্যবহারের কথা রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পাওয়া চট্টগ্রামের প্রকল্পটির আওতায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং সেখান থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সীতাকুণ্ডের দীর্ঘ উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এ বাঁধটি শক্তিশালী হলে জোয়ারের পানি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় এলাকার সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রকল্পটি ভূমিকা রাখবে।

একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণসহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন