পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শীর্ষ আলেম ও আওলাদে রাসুল পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত জশনে জুলুসে অংশ নিতে তিনি বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে আগামী রোববার (২৩ আগস্ট) ঢাকায় এবং বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামে অনুষ্ঠিত জশনে জুলুসে নেতৃত্ব দেবেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ।
আয়োজক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাদের স্বাগত জানাতে রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ শরিফে প্রস্তুতি নেওয়া হয়েছে।
পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ পাকিস্তানের ঐতিহাসিক সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। তিনি পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। দেশটির সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সাবির শাহ বর্তমানে সিনেটর এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
তবে বাংলাদেশ সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সফরটি ধর্মীয়, আধ্যাত্মিক ও জশনে জুলুসকেন্দ্রিক।
আয়োজকরা জানান, বাংলাদেশে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে দেশের বিভিন্ন স্থানে দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের পিতা হজরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ১৯৭৪ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে জশনে জুলুসের প্রচলন করেন। এরপর থেকে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থানে জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের জশনে জুলুসে পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বকে ঘিরে আয়োজকদের পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।














