চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। ১৯ দিনব্যাপী এ মাহফিল চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
মাহফিল উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চুনতী সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহফিল মোতায়াল্লী কমিটির উদ্যোগে আয়োজিত সভায় মাহফিলের প্রস্তুতি, বাজেট, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদা তৈয়বুল হক বেদার।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অলিকুল শিরোমণি ও মুজাদ্দিদে মাহফিল সীরাতুন্নবী (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) এ মাহফিলের প্রবর্তন করেন।
দীর্ঘ ৫৬ বছরের পথচলায় চুনতীর এ ঐতিহ্যবাহী মাহফিল দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব ও পরিচিতি লাভ করেছে বলে জানান আয়োজকরা।
এবারের বাজেট ৬ কোটি টাকা
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ দিনব্যাপী এবারের মাহফিল আয়োজনের সম্ভাব্য বাজেট প্রায় ৬ কোটি টাকা। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদান ও সহযোগিতার মাধ্যমে মাহফিলের ব্যয় নির্বাহ করা হবে।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে হাজারের বেশি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
মাহফিল মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটিগুলোর সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বলেন, চুনতীর ঐতিহ্যবাহী এ মাহফিলের শিক্ষা ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ দেশ-বিদেশে ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাহফিলের কার্যক্রম প্রচারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা
মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অতিথি, আলেম-ওলামা ও মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাহফিলের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করবে। মাহফিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।
মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা জাফর সাদেক ইকবালের মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা শেষ হয়।














