গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও জীবনধারাভিত্তিক সেবার পরিধি আরও বিস্তৃত করতে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এরই ধারাবাহিকতায় রোববার (২৩ আগস্ট) নগরীর র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হয়েছে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’।
রবি আজিয়াটা পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এতে একদিকে বিদ্যমান ব্র্যান্ড অংশীদারদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে নতুন অংশীদারত্বের মাধ্যমে চট্টগ্রামে জীবনধারাভিত্তিক সেবার নেটওয়ার্ক আরও বিস্তারের অঙ্গীকার তুলে ধরা হয়।
১০ প্রতিষ্ঠান পেল সম্মাননা
২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে ১০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- গিফট বাস্কেটস, র্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড ও সারপ্রাইজ চট্টগ্রাম।
রবি কর্তৃপক্ষের মতে, এসব অংশীদারের ধারাবাহিক সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সুবিধা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বারকোড রেস্টুরেন্ট পেল বিশেষ স্বীকৃতি
এলিট পার্টনারদের মধ্যে ১০ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার পাশাপাশি চট্টগ্রামের রন্ধনশিল্পে বিশেষ অবদানের জন্য বারকোড রেস্টুরেন্টকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। চট্টগ্রামের পরিবর্তনশীল খাবারের সংস্কৃতিতে নতুনত্ব ও বৈচিত্র্য আনার পাশাপাশি স্থানীয় ব্র্যান্ড হিসেবে দৃঢ় অবস্থান তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।
রবি কর্তৃপক্ষ বারকোডকে চট্টগ্রামের রন্ধনশিল্পের একজন ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করে এবং শহরের খাদ্যসংস্কৃতিতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে।
জীবনধারাভিত্তিক সেবায় নতুন সম্ভাবনা
অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন অংশীদার যুক্ত করার উদ্যোগের বিষয়টি সামনে আসে। গ্রাহকদের দৈনন্দিন জীবনযাপন, বিনোদন, খাবার, স্বাস্থ্যসেবা, কেনাকাটা ও অন্যান্য প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ সুবিধা পৌঁছে দেওয়াই এ অংশীদারত্বের অন্যতম লক্ষ্য।
রবি আজিয়াটা পিএলসি জানিয়েছে, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এলিট পার্টনার নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করা হবে।














