২১ অক্টোবর ২০২৬

আনোয়ারায় শর্টসার্কিটে যুবদল নেতার বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে স্থানীয় এক যুবদল নেতার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা এলাকার ফজু ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ জসিম উদ্দীন স্থানীয় যুবদলের নেতা বলে জানা গেছে। তাঁর তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

জসিম উদ্দীন জানান, বসতঘরের পাশের বৈদ্যুতিক খুঁটির সংযোগ তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ বেশিরভাগ জিনিসপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, অগ্নিকাণ্ডে চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর ও মালামাল হারিয়ে বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় লাখ টাকা হতে পারে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ