চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী হয়ে বরুমচড়া ইউনিয়নের ব্যস্ততম হাজারি সড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে দ্রুত সড়কের সংস্কারকাজ শেষ করার দাবি জানান তারা।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম বরুমচড়া হাজারি সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ চললেও তা কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে সড়কটির কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ শেষ না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন অংশে চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। উন্নয়নকাজে যথাযথ তদারকি না থাকার কারণেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে দ্রুত সড়কের উন্নয়নকাজ শেষ করা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তরুণ শিল্প উদ্যোক্তা আরিফ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে স্থানীয়রা অংশ নেন।
বক্তারা আরও বলেন, নাগরিক দুর্ভোগের অবসানে দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হবে। দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা।
এসময় বক্তব্য দেন তরুণ শিল্প উদ্দোক্তা ব্যবসায়ী মোহাম্মদ আরিফ শিকদার,বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী এবং আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক। মানববন্ধনে বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














