বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকরপোরেটেড (বানজি) এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (৩০ আগস্ট)। সংগঠনটির ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির চারটি পদে ভোটগ্রহণ হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। অন্যদিকে সভাপতি সহ সাতটি পদে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অকল্যান্ডের ১ হাজার ৭০০ এর বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অকল্যান্ডের নিউ উইন্ডসর স্কুল অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
‘প্রবাসের মাটিতে আমাদের শিকড় এক, আমাদের পরিচয় এক, আর আমাদের কমিউনিটিও এক’—এই স্লোগানকে ধারণ করে এবারের বানজির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে অকল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কমিউনিটির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এমন নেতৃত্ব প্রত্যাশা করছেন ভোটাররা।
নির্বাচনে একটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. গিয়াসউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক পদে রাসেল রানা, কোষাধ্যক্ষ পদে আমিনুল এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. নাজমুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর একটি প্যানেল থেকে একই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফাত্তাহ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সাবাব ই জান্নাত এবং সহকারী সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান ফকির।
ফলে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহকারী সাধারণ সম্পাদক- এই চারটি পদে দুই প্যানেলের আট প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে।
নির্বাচনের একজন ভোটার ওয়াহিদা আফরিন অনন্যা বলেন, ‘মতের ভিন্নতা থাকতে পারে, পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদের বন্ধন এবং কমিউনিটির প্রতি আমাদের দায়বদ্ধতা সবাইকে এক জায়গায় নিয়ে আসে। যোগ্য প্রার্থী বাছাই করতে পারলে আমাদের এই বন্ধন ও দায়বদ্ধতা আরও দৃঢ় হবে।’
সাধারণ সম্পাদক পদে প্রার্থী রাসেল রানা বলেন, ভোটাররা এমন একটি বানজি চান, যেখানে মতের পার্থক্য থাকবে, কিন্তু বিভাজন থাকবে না; যেখানে প্রত্যেক সদস্যের কণ্ঠস্বরের মূল্য থাকবে; যেখানে অভিজ্ঞদের সম্মান থাকবে এবং নতুনদেরও কাজ করে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে।
নির্বাচন উপলক্ষে ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। ভোট দেওয়ার সময় অবশ্যই একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নিউ উইন্ডসর স্কুল অডিটোরিয়াম, ১৫৮ নিউ উইন্ডসর রোড়ের ঠিকানায়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হবে।
চারটি পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বানজি’র নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামী দুই বছরের কার্যক্রমের দিকনির্দেশনাও নির্ধারিত হবে। অকল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বৃহৎ অংশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।














