চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে গণপরিবহনে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর দ্রুত তৎপর হয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস ও চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বাসে ওই শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিককে ফোন করে বিষয়টি জানান। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, বাসের পেছনের সিটে বসা এক ব্যক্তি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে যৌন হয়রানি করেছেন। এতে তিনি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
বিষয়টি জানার পর তৌফিক তাৎক্ষণিকভাবে চবি ছাত্রদলের নেতাকর্মীদের অবহিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তার আহ্বানে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন, সহসভাপতি তৌহিদ, ফারহানসহ অন্যান্য নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে অবস্থান নেন।
একই সময়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধুরাও থানায় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের উপস্থিতিতে হাটহাজারী থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই হাটহাজারী থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করতে চাইলে তার অনুরোধে যৌন হয়রানির ধারায় মামলা করা হয়। সকালে অভিযুক্তকে আদালতে চালান করা হয়েছে।
এদিকে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ভুক্তভোগী শিক্ষার্থীকে সাহস করে ঘটনার কথা জানানোর জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। একটি ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে গণপরিবহনে যেন কোনো শিক্ষার্থী যৌন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ লক্ষ্যে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে বলেও জানান তিনি।














