দিনভর দোকানের কাজ শেষে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কলেজছাত্র দেবরাজ বণিক। পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার কথা ছিল তার। পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে ছিল নানা স্বপ্ন। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। পথেই মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ হারান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দেবরাজের বাবা আশিষ বণিকও আহত হয়েছেন।
নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, বুধবার রাতে বারইয়ারহাট পৌরবাজারের দোকান বন্ধ করে বাবা আশিষ বণিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন দেবরাজ। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে বাবা-ছেলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিককে মৃত ঘোষণা করেন। আহত তার বাবা আশিষ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিককে মৃত ঘোষণা করা হয়। আহত তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














