২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় সিএনজির সিলিন্ডারে কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪৩ হাজার ৭৭০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পিএবি সড়কের মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের উখিয়া থানার মহুরীপাড়ার শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়ার আবদুর রহিম (৪৭)।

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিএবি সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ২২টি বান্ডিল পাওয়া যায়। এসব বান্ডিল থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র‍্যাবের অভিযানে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন