২২ অক্টোবর ২০২৬

চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) ও চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৫৫)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন- সাতকানিয়ার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ইসলাম (৪০) এবং অটোরিকশাচালক দক্ষিণ হারলার আবু তাহেরের ছেলে মো. সায়মন হোসেন খায়ের (২০)। সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীন ও আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন