মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো ফাইনালে ১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে সেরা ৪০ জনের মধ্য থেকে ধাপে ধাপে সেরা ২০, ১২ ও ৬ জন নির্বাচন করা হয়। শেষ পর্বে বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর বিজয়ী হিসেবে জোহেইরি মোলার নাম ঘোষণা করা হয়।
জোহেইরি মোলা এর আগে মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জয় করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করেন তিনি।
শিক্ষকতা, সাংবাদিকতা ও মডেলিংয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত জোহেইরি। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো এবং তাঁদের আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে ‘ভয়েস অব টুমোরো’ নামে একটি উদ্যোগ পরিচালনা করেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
৭৫ বছরের মিস ওয়ার্ল্ড
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লের হাত ধরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতাগুলোর একটি হিসেবে প্রতি বছর এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের আসর বসে ভিয়েতনামে। প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ অংশ নেয়। মোট ১১১ প্রতিযোগীকে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া— এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়।
বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাস পর্বে নিজ মহাদেশের সেরা ছয়ে জায়গা করে নিলেও মূল প্রতিযোগিতার সেরা ৪০-এ উঠতে পারেননি।














