স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) বিকেলে সাতকানিয়া পৌরসভার এরাবিয়ান কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি নেতা নূরুল আবছার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, শিক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘উন্নয়নের পথে ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা থাকবেই। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে; দুর্নীতির বিরুদ্ধে, সততার পক্ষে; বিভেদের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে। ব্যক্তি নয়, সংগঠনকে প্রাধান্য দিতে হবে এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম, দীন মোহাম্মদ মনজুর ও ফৌজুল কবির ফজলু।
এ সময় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, নূরুল আবছার, মহানগর ছাত্রদল নেতা সাদ্দাম, অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, অ্যাডভোকেট ওমর চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তাঁর আদর্শ বাস্তবায়নে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শহীদ ফকির।














