‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’— ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর চট্টগ্রামের আনোয়ারায় নিজের সেলুন থেকে নেপাল রবি দাশ (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারের একটি সেলুন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এক ভাইয়ের সঙ্গে মিলে তিনি রুস্তমহাট বাজারে সেলুনটি পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দেখে তাঁর সহকর্মী ও স্বজনরা দ্রুত সেলুনে ছুটে যান।
সেলুনের দরজা বন্ধ থাকলেও বাইরে থেকে তালা দেওয়া ছিল না। স্বজনরা ভেতরে নেপালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।












