২ নভেম্বর ২০২৬

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ঢাকার গুলশানে ফ্ল্যাট। চট্টগ্রামে জমি, দোকান ও শিল্পকারখানা। যুক্তরাজ্যে শত শত বাড়ি ও অ্যাপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত থেকে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারতসহ নয় দেশে ছড়িয়ে রয়েছে সাবেক মন্ত্রী জাবেদের সম্পদ। এসব দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশে ক্রোক, জব্দ বা অবরুদ্ধের আওতায় এসেছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

এর বাইরে সিঙ্গাপুরে ব্যাংক ও বিনিয়োগ হিসাব, একটি কোম্পানিতে পরিচালকের পদ এবং একটি বাড়ির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ নিয়ে অনুসন্ধান যত এগিয়েছে, তত বড় হয়েছে তাদের ‘অবৈধ আয়ে গড়া সম্পদের মানচিত্র’। একই সঙ্গে বেড়েছে দুদকের মামলাও সংখ্যা।

ব্যাংক ঋণ, অর্থ আত্মসাৎ, ঘুষ ও অর্থপাচারের অভিযোগে জাবেদকে ঘিরে এখন পর্যন্ত ৩৩টি মামলা করেছে দুদক। এসব মামলায় অভিযোগ করা অর্থের পরিমাণ ৬১৮ কোটির বেশি। এর বাইরে অন্তত আরও এক হাজার কোটি টাকার দুটি বড় অভিযোগের অনুসন্ধান চলছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ কোটি টাকা ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি।

দুদকের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ‘সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্টদের দেশে-বিদেশে পাওয়া সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধ করতে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশের সম্পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সহায়তা পেতে এমএলএআরসহ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) আইনি প্রক্রিয়া চলছে। অনুসন্ধানে নতুন সম্পদের তথ্য পাওয়া গেলে সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন