২ নভেম্বর ২০২৬

পটিয়ায় ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে গাউছিয়া কমিটি মানবিক সেবা টিমের পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরনে থাকা পোশাক ও সঙ্গে পাওয়া বিভিন্ন আলামত পর্যালোচনা করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহটি কীভাবে ওই ডোবায় এসেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন