কৈশোরকালীন স্বাস্থ্য, নিরাপত্তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে Bright Nation Youth Network (BNYN)-এর উদ্যোগে শুরু হয়েছে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন ‘প্রজেক্ট দীপশিখা’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফুলী আইডিয়াল স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, নিরাপদ স্পর্শ, ব্যক্তিগত সীমারেখা, সম্মতি, নিরাপত্তা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের বয়স-উপযোগী ও সঠিক তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, কৈশোরে কিশোর-কিশোরীরা নানা শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এ সময়ে সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বিভ্রান্তি ও ভুল ধারণার শিকার হয়। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও তথ্যভিত্তিক পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ‘প্রজেক্ট দীপশিখা’ হাতে নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সাধারণত সংকোচ বা দ্বিধা অনুভব করে, সেসব বিষয়ে তাদের প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে।
BNYN-এর পক্ষ থেকে বলা হয়, ‘প্রজেক্ট দীপশিখা’ শুধু একটি সচেতনতামূলক আয়োজন নয়; বরং কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরির একটি উদ্যোগ। পর্যায়ক্রমে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পেইনের মূল বার্তা হিসেবে রাখা হয়েছে, ‘জ্ঞান হোক আলো, অধিকার হোক শক্তি।’
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনের সময়ে সঠিক তথ্য ও সহায়তার উৎস খুঁজে নিতে সক্ষম হবে।














