সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে আবারও সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সলিমপুরের আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে অভিযান শুরু হয়। চট্টগ্রাম জেলা পুলিশ, এসআরবি, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এতে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত ৯ মার্চের পর থেকেই জঙ্গল সলিমপুর যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কোনো সন্ত্রাসী বাহিনী যাতে এলাকায় ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে না পারে, সে জন্য এ বিশেষ অভিযান। এলাকায় সন্ত্রাসীদের অস্তিত্ব থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আগের অভিযানগুলোতে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সলিমপুরের পুরো নিয়ন্ত্রণ নেওয়াই যৌথবাহিনীর উদ্দেশ্য। বর্তমানে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এরপর ৯ মার্চ জঙ্গল সলিমপুরে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার ১৭৩ থেকে ৪ হাজার সদস্য, তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, ডগ স্কোয়াড ও ১২টি ড্রোন ব্যবহার করা হয়।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে প্রায় ৩ হাজার ১০০ একর এলাকাজুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান।














