চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি লেবু বাগান থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের করলডেঙ্গা পাহাড়ের পাদদেশের ডুমুরিয়া খালের পাশ থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পাহাড়ে পালন করা মহিষের হামলায় আবদুল মাবুদের (৫০) মৃত্যু হয়। মাবুদ করলডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ করলডেঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার বাড়ির বাসিন্দা।
বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘আবদুল মাবুদ পাহড়ে লেবু বাগানে কাজ করতেন। সেখানে বৃহস্পতিবার কোন এক সময়ে মহিষের শিংয়ের গুঁতায় তিনি আহত হয় এবং মারা যান।’
স্থানীয়রা জানিয়েছে, পাহাড়ে লেবু বাগানে কাজ করার পাশাপাশি মাবুদ নিজেও পাহাড়ে চাষাবাদ করতেন। প্রতিদিন সকালে পাহাড়ে কাজে গিয়ে বিকালে বাড়ি ফিরে আসতেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসারয় স্বজন ও প্রতিবেশীরা পাহাড়ে তাকে খুঁজতে যায় এবং সেখানে ডুমুরিয়া খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মাবুদকে পড়ে থাকতে দেখেন। করলডেঙ্গা পাহাড়ে লেবু, পেয়ারাসহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ হয়। আবার সেখানে অনেকেই মহিষ ছেড়ে রেখে পালন করেন বলে ভাষ্য স্থানীয়দের।














