১৯ সেপ্টেম্বর ২০২৬

চাকুর ভয়, ইয়াবার নাটক—চকবাজারে কলেজছাত্রকে জিম্মি করে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চকবাজারে এক কলেজছাত্রকে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া দুটি মোবাইল ফোনের একটি এবং চাঁদা হিসেবে আদায় করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সামির আহম্মেদ (২২), মোহাম্মদ আকরাম হোসেন জয় (২৩), কাজী মোহাম্মদ রাকিব হোসাইন (২৩), মোহাম্মদ আহনাফুল আলম প্রকাশ আদিব (২১) ও মোহাম্মদ হাসনাত (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নুর মোহাম্মদ সিফাত চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সামির আহম্মেদের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সামিরের ডাকে চকবাজার থানার কে বি আমান আলী রোডের সালেহ আহম্মেদ বাই লেইনসংলগ্ন মাঠে যান সিফাত। সেখানে সামিরসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, একপর্যায়ে চাকু ও পেশিশক্তির ভয় দেখিয়ে সিফাতের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা দুই হাজার টাকা নিয়ে নেন আসামিরা। পরে তাঁর প্যান্টের পকেটে একটি সিগারেটের প্যাকেট ঢুকিয়ে দিয়ে পকেটে ইয়াবা পাওয়া গেছে বলে মিথ্যা অভিযোগ তোলা হয়।

এরপর ঘটনার ভিডিও ধারণ করে সিফাতের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে তাঁকে হত্যার পাশাপাশি ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে সিফাতের মা এক আত্মীয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করে তাঁর ব্যবহৃত নগদ নম্বরে পাঠান। আসামিরা ওই টাকা বিভিন্ন নম্বরে স্থানান্তর করে নেয় বলে মামলার এজাহারে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এরপরও অতিরিক্ত টাকা আদায়ের উদ্দেশ্যে সিফাতকে ১৬ সেপ্টেম্বর ভোর ৫টা পর্যন্ত আটকে রাখা হয়। এ সময় তাঁর পিঠ, গলা ও মাথায় মারধর করা হয়। অতিরিক্ত টাকা না পেয়ে চলে যাওয়ার সময় মামলা করলে ভবিষ্যতে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ১৮ সেপ্টেম্বর প্রথমে সামির আহম্মেদকে চকবাজারের ওমর আলী মাতব্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁদার পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে সামিরের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে আকরাম হোসেন জয়কে গ্রেপ্তার করা হয়। এরপর প্রথম দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কাজী রাকিব হোসাইন ও আহনাফুল আলম আদিবকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার প্রথম চারজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পলাতক এজাহারনামীয় আসামি আবু সুফিয়ান (১৮)-সহ ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া আইফোন ১৬ প্রো ম্যাক্সটি মোহাম্মদ হাসনাতের কাছে বিক্রি করে দেন।

পরে চকবাজারের বালি আর্কেড মার্কেটের চতুর্থ তলায় ‘আপগ্রেড’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে হাসনাতকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পলাতক আসামি আবু সুফিয়ানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ