২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই-চালিত সেলাই ও অটোমেশন প্রযুক্তি নিয়ে চট্টগ্রামে জ্যাক মেশিনারির আয়োজন

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশননির্ভর সেলাই এবং গার্মেন্টস মেশিনারির সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। পোশাক শিল্পে স্মার্ট ম্যানুফ্যাকচারিং, অটোমেশন ও এআইনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জ্যাক মেশিনারি এফএম টিমের উদ্যোগে ‘এআই-এমপাওয়ার্ড স্মার্টলিংক: নেক্সটজেন সিউইং অ্যান্ড অটোমেশন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জের পাশাপাশি সেলাই প্রযুক্তি ও অটোমেশনের ভবিষ্যৎ প্রবণতা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জ্যাকের ইউরাস-২ ওভারলক সেলাই মেশিন এবং এআই-চালিত এআইটিইউ সেলাই মেশিনের উদ্বোধন। পাশাপাশি পোশাক শিল্পের জন্য অটোমেটেড কাটিং রুম সলিউশনও প্রদর্শন করা হয়।

জ্যাক টেকনোলজি কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান ডিউক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এফএম টিমের পরিচালক ফজলে মেহরাব সূর্য ইউরাস-২ ওভারলক ও এআইটিইউ সেলাই মেশিনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন। বুলমারের মার্কেটিং পরিচালক লিও পোশাক শিল্পের জন্য স্বয়ংক্রিয় কাটিং প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তৈমুর রহমান জ্যাকের সেলাই মেশিন ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। জ্যাক টেকনোলজি কোম্পানির বাংলাদেশ অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কার্টার কোম্পানির কার্যক্রম, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বায়লা) সভাপতি ও সায়েম ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্রার হোসাইন সায়েম বাংলাদেশের পোশাক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক এবং এশিয়ান অ্যান্ড ড্যাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক এবং ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি ও ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়বসহ পোশাক, টেক্সটাইল ও ব্যবসা খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বেপজিয়ার সহসভাপতি ও ফারকানটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা মঈন উদ্দিন ফারহাদ, বিজিএমইএর সহসভাপতি ও চৌধুরী ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএর পরিচালক ও অ্যালার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফ উল্লাহ মুনসুর, বিজিএমইএর পরিচালক ও এইচকেসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, বিকেএমইএর পরিচালক ও রিনাউন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আজম এবং বিকেএমইএর পরিচালক ও মুনতাহা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বারেক উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ আয়োজনের মাধ্যমে পোশাক শিল্পে এআই, অটোমেশন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্যোক্তা ও শিল্প প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানো এবং শিল্পের ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

এদিকে মেশিনারি প্রদর্শনী আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে পোশাক শিল্পের উদ্যোক্তা, পেশাজীবী ও সংশ্লিষ্টরা আধুনিক মেশিনারি, অটোমেশন এবং বিভিন্ন প্রযুক্তিগত সমাধান সরেজমিনে দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন