২৫ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৪৮ হাজার কেজি সার জব্দ, আটক তিন

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ইছাখালী ঘাট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৮ হাজার কেজি (৯৬০ বস্তা) সারের পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত চারটি ট্রাক এবং একটি ফিশিং বোট আটক করা হয়। উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে ট্রাকের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একদল চোরাকারবারি বিপুল পরিমাণ ইউরিয়া সার বঙ্গোপসাগর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মিরসরাইয়ের একটি বিশেষ অভিযান দল গঠিত হয়। অভিযান দলটি গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ইছাখালী ঘাট সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান নেয়। এ সময় নদীর পাড়ে পার্ক করে রাখা চারটি ভারী ট্রাক থেকে একটি ফিশিং বোটে একের পর এক সারের বস্তা স্থানান্তরের দৃশ্য কোস্ট গার্ড সদস্যদের নজরে আসে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে চার ট্রাক ভর্তি এবং বোটে লোড করা মোট ৯৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ মেট্রিক টন বা ৪৮ হাজার কেজি সার পাওয়া যায়। কোস্ট গার্ডের প্রাথমিক হিসেব অনুযায়ী জব্দকৃত এই সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার বিবরণ দিয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক ও সার পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও তদারকি জোরদার করেছে। সার পাচারের বড় ধরনের এই চেষ্টা নস্যাৎ করার পর জব্দ করা মালামাল এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের জানান, আটককৃত তিনজনকে সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ হাজার ৪০০ টাকা করে মোট ৪ হাজার২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানা পরিশোধের পর মুচলেকা নিয়ে তাদের মুক্তি প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, ফিশিং বোট থেকে জব্দ করা সারের মধ্যে ১৭৫ বস্তা সার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপস্থিত স্থানীয়দের উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। বাকী সার ও পাচারে ব্যবহৃত যানসমূহ উদ্ধার করে প্রশাসনের জিম্মায় নেওয়া হয়েছে। অবশিষ্ট সারগুলো মিরসরাই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত সরকারি নিয়ম অনুসরণ করে সরকারি মূল্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন